
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি ভুয়া ফেসবুক আইডি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। তাঁর নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে, যেখানে তাঁর ছবি ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করা হচ্ছে।
গতকাল রোববার রাতেই জাহিদ হাসান তাঁর আসল ফেসবুক আইডি থেকে দুটি ভুয়া আইডি ও একটি পেজের স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন—
“এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না, তারা আমি নই।”
অভিনেতা জানান, সম্প্রতি কেউ একজন তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া প্রোফাইল তৈরি করে বিভিন্ন পোস্ট দিচ্ছে। এমনকি তাঁর আসল স্ট্যাটাস কপি করে উল্টো তাঁকেই ভুয়া প্রমাণ করার চেষ্টা করছে।
তিনি বলেন,
“আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট বানানো হয়েছে। এরা আমার হয়ে নানা কিছু লিখছে, যা আমাকে বিব্রত করছে। এখন কোনটা আসল আর কোনটা নকল, সেটা মানুষ বুঝতে পারছে না।”
জাহিদ হাসান আরও জানান, তিনি সাধারণত ফেসবুকে খুব বেশি সক্রিয় নন এবং বন্ধু সংখ্যাও সীমিত। তবুও ভুয়া আইডিগুলোর কারণে তিনি দুশ্চিন্তায় আছেন।
“এখন কেউ কিছু বললেই মানুষ বিশ্বাস করে। যদি কেউ আমার নামে কিছু লিখে ফেলে, তাহলে আমি অযথা বিব্রত হবো। তাই সবাইকে অনুরোধ করছি, শুধু আমার আসল আইডির সঙ্গে যুক্ত থাকুন,” — বলেন তিনি।