
গণ-অভ্যুত্থানের পর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দেশের মানুষ তখন পরিবর্তনের স্বপ্নে বিভোর ছিল—সংস্কার, স্বচ্ছতা ও দায়িত্বশীল প্রশাসনের প্রত্যাশায়। কিন্তু এক বছরের মাথায় সেই আশার আবহ অনেকটাই ম্লান হয়ে গেছে।
বর্তমানে মব-সন্ত্রাস, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনীতির স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, মূল্যস্ফীতি ও চাঁদাবাজি—সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। পুরোনো কাঠামোর মধ্যেই নতুন মানুষ যোগ হলেও কোনো বাস্তব পরিবর্তন দেখা যায়নি। বরং অনেকের বিরুদ্ধে এখন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে।
সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই সরকারেরই সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সম্প্রতি একাত্তর টেলিভিশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান উপদেষ্টাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও স্বার্থসিদ্ধির অভিযোগ তুলেছেন।
নাহিদ ইসলামের ভাষায়,
“অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন। কেউ কেউ গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন।”
তিনি আরও দাবি করেন, কয়েকজন উপদেষ্টা এখন ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করার চিন্তায় আছেন।
অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে যে প্রবল আশাবাদের সঞ্চার হয়েছিল, এখন তা ধীরে ধীরে জায়গা নিচ্ছে হতাশা, সমালোচনা ও অনাস্থা। দেশের জনগণ জানতে চায়—এই অবস্থায় কে আসলেই রাষ্ট্রের আখের গোছাচ্ছেন?