
সংযুক্ত আরব আমিরাতের সরকার গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা চালুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নতুন সেবার মাধ্যমে বিদেশে অবস্থানরত গোল্ডেন ভিসাধারীরা জরুরি পরিস্থিতিতে সরকারি সহায়তা পাবেন।
নতুন সেবার আওতায় প্রবাসীরা বিপর্যয়, দুর্ঘটনা বা চিকিৎসা-সংক্রান্ত সমস্যায় ২৪ ঘণ্টা খোলা হটলাইন +৯৭১২৪৯৩১১৩৩-এর মাধ্যমে সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফনের জন্য বিশেষ প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে পরিবারের সদস্যরা সহজে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন এবং মানসিক সহায়তাও পাবেন।
এছাড়া, কোনো গোল্ডেন ভিসাধারীর পাসপোর্ট বিদেশে হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ‘ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট’ পাওয়া যাবে, যার মাধ্যমে তারা সহজেই ইউএই-তে ফিরে আসতে পারবেন।
২০১৯ সালে চালু হওয়া ‘গোল্ডেন ভিসা’ হলো দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা, যার মাধ্যমে কোনো বিদেশি নাগরিক স্পনসর ছাড়াই আমিরাতে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন।
এই ভিসার আওতায় বিনিয়োগকারী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী, চিকিৎসা ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবী আবেদন করতে পারেন। সাম্প্রতিক সময়ে দুবাই গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং মেধাবী শিক্ষার্থীদেরও এই ভিসা প্রদান করছে, আর রাস আল খাইমাহ দিয়েছে অসাধারণ শিক্ষক শ্রেণির নাগরিকদের জন্য।