
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সাম্প্রতিক সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য নিয়ে সরাসরি কথা বলেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“খুব খুশি হলাম, প্রসঙ্গটা আপনি তুলেছেন।”
প্রশ্নটি ছিল সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ঘিরে তৈরি হওয়া সমালোচনা নিয়ে—যার মধ্যে দলের খেলোয়াড় থেকে টিম ম্যানেজমেন্ট—সবার নামই এসেছে। আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে ক্রিকেটারদের লক্ষ্য করে কিছু লোক ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিলে বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনার পর জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ফেসবুকে লিখেছিলেন, “ঘৃণা নয়, ভালোবাসা চাই।” কিন্তু তাঁর সেই পোস্টেই আসে একের পর এক কটূ মন্তব্য।
সিমন্স বলেন,
“সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে কিছু বলাটা আপনার অধিকার, কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ওখানে কিছু লেখা ঠিক না।”
তবে তিনি সমালোচনার জবাবে ঘৃণা ছড়ানো বা ব্যক্তিগত আক্রমণকেও সমর্থন করেননি।
সিমন্স আরও বলেন,
“আমি মনে করি না, খেলোয়াড়দের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করা ঠিক। আপনি কোথা থেকে এসেছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়—এটা একেবারেই অগ্রহণযোগ্য। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন মন্তব্যে।”
তিনি স্পষ্ট করে জানান, বর্ণবাদ কোনোভাবেই সহ্য করা হবে না, তবে খেলোয়াড়দের উচিত এসবের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে না দিয়ে মাঠে দেওয়া।
সিমন্স বলেন,
“শেষ সিরিজটা যেমন কেটেছে, তা পেছনে ফেলে সামনে তাকাতে হবে। আমরা এর চেয়ে ভালো দল। আজ অনুশীলনে সেটাই বোঝানোর চেষ্টা করেছি—আগামীকাল কীভাবে ভালো খেলব, সেটায় মনোযোগ দিতে হবে।”
বাংলাদেশ দল আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে। আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের পর নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ এটিই। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।