
সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। আজ শুক্রবার সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
রাকসুর ২৩ পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান (জাহিদ) এবং জিএস পদে জয় পেয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। এজিএস পদে জয়ী হয়েছেন শিবির–সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
১৯৯০ সালের পর এবারই প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরে এটি ১৭তম রাকসু নির্বাচন।
ফলাফল বিশদ:
ভিপি: মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২,৬৮৭ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত শেখ নূর উদ্দিন (আবির) পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস: সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৪৯৭ ভোট; নিকটতম ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট।
এজিএস: সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭৫ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস পেয়েছেন ৫,৯৫১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে কঠোর ও দৃঢ় সিদ্ধান্তের কারণে। এ নির্বাচনের স্বার্থকতা একান্তই শিক্ষার্থীদের।”
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন খান, অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮,৯০১ জন, যার মধ্যে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। নারী ভোটারদের মধ্যে ভোটের হার ছিল ৬৩.২৪ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ভোট গণনা শুরু হয় এবং আজ সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।