
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নানান অজুহাতে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। সর্বশেষ এক হামলায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল।
আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, গাজা সিটির জাইতুন এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ওই পরিবারের ১১ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গাড়িটি তথাকথিত “হলুদ রেখা” অতিক্রম করেছিল—যা তাদের নিয়ন্ত্রিত এলাকার সীমা বলে উল্লেখ করা হয়। তবে হামাস বলছে, এটি সম্পূর্ণ অজুহাত মাত্র। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরকে আহ্বান জানিয়েছে—ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে এবং যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে বাস্তবায়ন করতে।
এদিকে হামাস জানিয়েছে, তারা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মৃত ২৮ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। এর মধ্যে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় গত ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল ওই চুক্তি বারবার লঙ্ঘন করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনেরও বেশি।