
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে ভয়াবহ আগুন লেগেছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বর্তমান সময়ের নয়—এটি ২০২৩ সালের ৩০ জুনের একটি পুরোনো ঘটনার।
ভিডিওটির ক্যাপশনে লেখা হচ্ছে, “এবার ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন, দেশে যেন আগুনের খেলা শুরু হয়েছে।”
দেশে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের পর ভিডিওটি নতুন ঘটনা হিসেবে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়ানো হচ্ছে।
তথ্য-যাচাই টুল InVID ব্যবহার করে ভিডিওটির কী–ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স সার্চে পাওয়া গেছে, ভিডিওটি ২০২৩ সালের ৩০ জুন সদরঘাটে ‘ময়ূর–৭’ নামের লঞ্চে আগুন লাগার সময় ধারণ করা।
সে সময় মূলধারার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার দিকে লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ঢাকা–চাঁদপুরগামী ‘ময়ূর–৭’ লঞ্চে আগুন লাগে।
ঘটনার সময় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছিলেন, আগুন লাগার সময় লঞ্চটি ঘাটে ছিল এবং এতে কোনো যাত্রী ছিল না। আগুন লেগেছিল লঞ্চের দ্বিতীয় তলায়।
গত কয়েক দিনে দেশে একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে—
বুধবার ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে ১৬ জন নিহত হন,
শুক্রবার আগুন লাগে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায়,
শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন ঘটে।
এই প্রেক্ষাপটে পুরোনো ভিডিওটি নতুন বলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তবে সদরঘাটে সাম্প্রতিক কোনো লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেনি—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো “ঢাকা সদরঘাটে লঞ্চে আগুন” দাবিটি ভুল এবং বিভ্রান্তিকর। ভিডিওটি ২০২৩ সালের পুরোনো ঘটনা, যা নতুন বলে প্রচার করা হচ্ছে।