
সামাজিক যোগাযোগমাধ্যম ‘বিগো লাইভ’ অ্যাপে পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও ভিডিও কলে বিয়ে, পরবর্তীতে প্রবাসী শাফিউল হককে ৫০ লাখ টাকা পাঠানোর এবং জমি-বাড়ি-গরুর ফার্ম বানানোর পর জানা যায়, তার প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ ইতোমধ্যেই বিবাহিত। বিষয়টি জানার পর দেখা করতে গেলে প্রেমিককে শরবতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ঘটনা ঘটে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায়। পুলিশ সুরাইয়া আক্তার মৌ, তার স্বামী দিপু রানা এবং ছোট ভাই নয়নকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, ১৭ অক্টোবর ভুক্তভোগী প্রবাসী শাফিউল হক মামলা করেন। পরদিন আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে ‘বিগো লাইভ’ অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া শাফিউল এবং সুরাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভিডিও কলে বিয়ে হয়। প্রবাসে থাকা শাফিউল প্রেমিকার পরামর্শে তার নামে ছয় শতাংশ জমি কিনে সেখানে ঘর ও গরুর ফার্ম নির্মাণ করেন এবং প্রায় ৫০ লাখ টাকা পাঠান।
কিন্তু এক বছর আগে শাফিউল জানতে পারেন, সুরাইয়া ইতিমধ্যেই বিবাহিত। এরপর ১০ আগস্ট দেশে ফিরে বিষয় মীমাংসার জন্য দেখা করতে গেলে তাকে শরবতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা মানিকগঞ্জ বাজার এলাকায় মুরগির ফার্মের পাশে অচেতন অবস্থায় শাফিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি বাদশা আলম বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।