
দৈনন্দিন জীবনে খাবারের পাত্র, শিশুদের খেলনা ও অন্যান্য জিনিসপত্রে ব্যবহৃত কালো প্লাস্টিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। মার্কিন পরামর্শক সংস্থা ‘টক্সিক-ফ্রি ফিউচার’-এর গবেষণায় দেখা গেছে, এই প্লাস্টিকে আগুন ধরা কমানোর জন্য ডেকা-বিডিই, টিবিবিপিএ ও আরডিপি ধরনের বিষাক্ত রাসায়নিক মেশানো হয়।
গবেষকরা জানিয়েছেন, পুনর্ব্যবহৃত কালো প্লাস্টিক খেলনা ও খাবার প্যাকেজিংয়ে ব্যবহৃত হওয়ার কারণে এই রাসায়নিক শরীরে প্রবেশ করছে। এর ফলে ক্যানসার, হরমোনজনিত সমস্যা, স্নায়ুবিক ক্ষতি ও প্রজনন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ডেকা-বিডিই ক্যানসার সৃষ্টিকারী, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিষিদ্ধ।
গবেষকরা পরামর্শ দিয়েছেন, ঘরে কালো প্লাস্টিক সরিয়ে স্টেইনলেস স্টিল বা কাঠের পাত্র ব্যবহার করা, শিশুর খেলনার জন্য নিরাপদ বিকল্প বেছে নেওয়া, নিয়মিত ঘর পরিষ্কার ও জানালা খোলা রাখা এবং ঘন ঘন হাত ধোয়া। এই সতর্কতা অবলম্বন করলে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ কমানো সম্ভব।