গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ে খাদ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে দরপত্র বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাক্সে জমা থাকা শতাধিক দরপত্রের আবেদন ছিঁড়ে তছনছ করা হয়। মঙ্গলবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার (পরিবেশক) নিয়োগের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে এই ঘটনা ঘটে।
পলাশবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে জানিয়েছেন, ঘটনার সময় ১০–১২ জন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে খাদ্য কর্মকর্তাকে কক্ষে অবরুদ্ধ রাখে এবং বাইরে থেকে দরজা আটকে দেয়। তারা দুটি দরপত্র বাক্স ভাঙচুর করে এবং সিসিটিভি ক্যামেরা অকার্যকর করে রাখে।
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং উপজেলা প্রশাসন নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করবে। পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
