
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।
জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হয়ে সামনের দিকে অগ্রসর হলে একটি ককটেল এসে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাঁকে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।