
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দেন। বুধবার (২২ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
সৌদি বাদশাহর জারি করা আনুষ্ঠানিক আদেশে বলা হয়, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ আল–ফাওজান সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদটি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর এই পদটি শূন্য ছিল। তিনি ১৯৯৯ সালে তৎকালীন বাদশাহ ফাহাদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।
১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্ম নেন শেখ সালেহ আল–ফাওজান। বুরাইদাহ শহর থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির সদস্য হিসেবে যোগ দেন।
শেখ সালেহ আল–ফাওজান ইসলামী শিক্ষা ও ফিকহ বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা। তিনি রেডিও অনুষ্ঠান পরিচালনাতেও সক্রিয় ছিলেন। তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘নূর আলা আল–দারব’ সৌদি আরবজুড়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।