
বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ সুযোগ দিলে এবং আল্লাহর ইচ্ছায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য পৃথক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত ‘ধর্মীয় মূল্যবোধপরিপন্থী সিদ্ধান্ত বাতিল ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ’ দাবিতে জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সমতা বিবেচনায় শিক্ষক নিয়োগ নীতি নির্ধারণ করা হবে এবং কোনো পক্ষ যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংসের চেষ্টা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা জরুরি। শক্ত মূল্যবোধের উপর দাঁড়ানো জাতিই ভবিষ্যতে টেকসই রাষ্ট্রগঠন করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে ফ্যাসিবাদের পুনর্জাগরণ রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একপথে হাঁটতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানসহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনের নেতারা।