২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না—ফুটবল দুনিয়ায় এই প্রশ্ন এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে এ নিয়ে মেসিকে বারবার প্রশ্ন করা হয়েছে। আর্জেন্টাইন এই তারকা কখনো সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি, তবে এবার তিনি ইঙ্গিত দিয়েছেন—সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও তাঁকে দেখা যেতে পারে মাঠে।
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামি তারকা মেসি বলেছেন,
“সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ অনুভূতি। আমি সেখানে থাকতে চাই। আর যদি খেলতে পারি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
তবে বরাবরের মতোই শর্ত জুড়ে দিয়েছেন তিনি—সবকিছু নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। মেসি বলেন,
“আগামী বছর ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিন নিজের শারীরিক অবস্থা যাচাই করব। আমি শতভাগ ফিট থাকলে অবশ্যই খেলতে চাইব। বিশ্বকাপের মতো আসরে আবারও আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার হবে।”
এর আগেও মেসি জানিয়েছিলেন, তিনি নিজের শরীরের কথা শুনেই সিদ্ধান্ত নেবেন। গত সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতির সময়ও বলেছিলেন,
“আমি ভালো থাকলে খেলব, কারণ তখন ফুটবল উপভোগ করি। কিন্তু শরীর সাড়া না দিলে আনন্দ পাই না। তাই ভালো না লাগলে থাকতে চাই না।”
এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ইঙ্গিতটা স্পষ্ট—ফিট থাকলে মেসিকে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে।
এদিকে পারফরম্যান্সের দিক থেকেও মেসি এখনো দুর্দান্ত ফর্মে আছেন। ইন্টার মায়ামির হয়ে এবারের এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল, জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। পাশাপাশি তিনি এমএলএস এমভিপি পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন।
বর্তমানে তাঁর লক্ষ্য ইন্টার মায়ামিকে নিয়ে এমএলএস কাপ জেতা। ন্যাশভিলের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সিরিজে এগিয়ে আছে মায়ামি। আগামী ২ নভেম্বর ভোরে দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হবে মায়ামির সেমিফাইনাল।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই আশাবাদী হচ্ছে ফুটবল দুনিয়া—আরও একবার বিশ্বমঞ্চে দেখা যাবে লিওনেল মেসির জাদু।
