
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐক্য নয় বরং ‘অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা’ করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সংক্রান্ত যেসব সুপারিশ কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে—সেগুলোর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও কমিশন তার বাইরে গিয়ে বেশ কিছু নতুন সুপারিশ যুক্ত করেছে।
তিনি অভিযোগ করেন, ‘সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোর উল্লেখ নতুন সংযুক্তিতে নেই।’ অথচ সনদের ছাপানো বইয়ে দলগুলোর ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ আছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করলে নোট অব ডিসেন্টের বিষয়গুলো জনগণের ভোটে ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু নতুন জমাকৃত সুপারিশে তা উপেক্ষিত হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সুপারিশও প্রশ্নবিদ্ধ করে বিএনপির এই নেতা বলেন, সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের যে প্রস্তাব এসেছে—এ বিষয়ে আগে কখনো আলোচনায় ওঠেনি।
তিনি আরও জানান, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে নতুন একটি ধারণা হঠাৎ যুক্ত করা হয়েছে, যা কখনো আলোচিত বা ঐকমত্যে আসেনি।
তবে কমিশনের কার্যক্রম শেষ হওয়ায় তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজনৈতিক সমাধানে নতুন আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।