দিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি দোকানের বারান্দায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে হাকিমপুর পৌরশহরের চুড়িপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম আতাউর রহমান (৬৩)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ডঙর খিয়ারপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, দুই দিন ধরে তাঁকে হিলি স্থলবন্দরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে দেখা গিয়েছিল। স্থানীয় বাজারের বিভিন্ন দোকানের বারান্দাতেও তিনি শুয়ে থাকতেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে ওই দোকানের বারান্দায় এক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আতাউর রহমানের পরিচয় শনাক্ত করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ধারণা করা হচ্ছে, দুই দিনের হালকা বৃষ্টির কারণে ঠান্ডাজনিত সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
