
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি এক আহত মানুষকে জঙ্গলের ভেতর টেনে নিচ্ছেন, পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে তা দেখছেন এবং ভিডিও করছেন। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে—“এটা কোনো নাটক নয়, বর্তমান বাংলাদেশের নয়া বন্দোবস্ত; খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে নিয়ে যায়, পুলিশ দাঁড়িয়ে দেখে আর ভিডিও করে!”
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং অনেকেই এটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করতে থাকেন।
তবে প্রথম আলোর ফ্যাক্ট চেক টিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়; এটি ‘ক্রাইম প্যাট্রোল বিডি’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের দৃশ্য।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, একই ভিডিওটি ৩১ অক্টোবর ২০২৫ তারিখে ‘Arman Raj’ নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছিলেন। ওই পোস্টে স্পষ্টভাবে লেখা ছিল, “এটি ক্রাইম প্যাট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার শুটিংয়ের দৃশ্য, যা প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয়।”
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘Arman Raj’ নামে ওই ব্যক্তি পুলিশের পোশাকে একই চরিত্রে একাধিক ভিডিও ও ছবি পোস্ট করেছেন। অন্য এক পোস্টে তিনি লিখেছেন, “আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক ‘ক্রাইম প্যাট্রোল’-এর শুটিং স্পট থেকে।”
তাঁর প্রোফাইলে পুলিশের পোশাকে আরও কয়েকটি ভিডিওতেও উল্লেখ করা হয়েছে, সেগুলো ‘ক্রাইম প্যাট্রোল বিডি’-এর শুটিংয়ের অংশ।
অন্যদিকে, ‘ক্রাইম প্যাট্রোল বিডি’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও একই অভিনেতাকে বিভিন্ন পর্বে দেখা গেছে। পেজের বায়োতে বলা আছে—
“‘ক্রাইম প্যাট্রোল বিডি’ হলো ‘ক্রাইম প্যাট্রোল’ সিরিজের একটি অফিসিয়াল পেজ, যা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব অপরাধমূলক ঘটনার ভিত্তিতে নির্মিত। এর উদ্দেশ্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।”
সব তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব অপরাধের দৃশ্য নয়; বরং এটি নাটকের শুটিংয়ের সময় ধারণ করা একটি ক্লিপ, যা কেউ বিভ্রান্তিকর দাবি দিয়ে ছড়িয়ে দিয়েছে।