
তীব্র খরার কারণে ইরানের রাজধানী তেহরান বর্তমানে পানির তীব্র সংকটের মুখে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, শহরের প্রধান পানির উৎসের একটি আমির কবির জলাধারের পানি দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
তেহরানে পানি সরবরাহ কোম্পানির পরিচালক বেহজাদ পারসা জানান, জলাধারটিতে বর্তমানে মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি আছে, যা মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ। এই পরিমাণ পানি দিয়ে মাত্র দুই সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। তেহরানে প্রতিদিন গড়ে ৩০ লাখ ঘনমিটার পানির প্রয়োজন পড়ে।
ইরানের রাজধানী কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার সম্মুখীন। গত জুলাই-আগস্ট মাসে তাপমাত্রা ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল এবং পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে জানিয়েছেন, তেহরানের পানিসংকট পরিস্থিতি আরও গুরুতর। দেশে দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোর সঙ্গে মিলিয়ে পানি ঘাটতি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভূগর্ভস্থ সম্পদ ব্যবস্থাপনার অভাব, অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও খারাপ করছে।
পানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় বারবার পানি সরবরাহ বন্ধ রাখার ঘটনা ঘটছে।