
ফ্রান্সের ট্র্যাক সাইক্লিস্ট ও ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের স্বর্ণপদকজয়ী চার্লস কস্তে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি এ খবর নিশ্চিত করেছেন। কস্তে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রতিশ্রুতিশীল সাইক্লিস্ট ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি আবার প্রতিযোগিতায় নামেন এবং ১৯৪৭ সালে ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেন। পরের বছর লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে স্বর্ণপদক জেতেন।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ বছরের বেশি বয়সে কস্তে মশাল বহন করেছিলেন, যা তার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত হিসেবে স্মৃতিতে রয়ে গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার কস্তে মারা গেছেন। তাঁর দীর্ঘ খেলা জীবনে বিশ্ব ক্রীড়াজগতে সমৃদ্ধ এক ঐতিহ্য রেখে গেছেন তিনি।