মার্কিন শীর্ষ ধনীদের সম্পদ গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে। অক্সফামের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ ১০ ধনীর মোট সম্পদ বেড়েছে ৬৯৮ বিলিয়ন ডলার বা প্রায় ৬৯ হাজার ৮০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৫ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের সরকারি বাজেটের প্রায় ১০ গুণের বেশি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে দেশটিতে সম্পদ বৈষম্য নতুন উচ্চতায় পৌঁছেছে। গবেষকরা দেখিয়েছেন, ১৯৮৯ থেকে ২০২২ সালের মধ্যে শীর্ষ ১ শতাংশ ধনীর সম্পদের বৃদ্ধি সাধারণ পরিবারের তুলনায় অসাধারণভাবে বেশি। শীর্ষ ১ শতাংশ পরিবারের সম্পদ বেড়েছে গড়পড়তা পরিবারের তুলনায় ১০১ গুণ এবং নিচের ২০ শতাংশ পরিবারের তুলনায় ৯৮৭ গুণ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশের বেশি মানুষ নিম্ন আয়ের, যার মধ্যে প্রায় অর্ধেক শিশু। এই পরিস্থিতিতে দেশটির কর কাঠামো, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিক সুরক্ষা দুর্বল হয়ে পড়েছে। অক্সফাম সুপারিশ করেছে কর ব্যবস্থা সংস্কার, সামাজিক নিরাপত্তা জোরদার করা, অ্যান্টি ট্রাস্ট নীতি কার্যকর করা এবং শ্রমিক ইউনিয়ন গঠনের অধিকার সুরক্ষিত রাখা।
প্রতিবেদনে বলা হয়েছে, ধনীদের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণে নতুন ধরনের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। স্থানীয় পর্যায়ে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার গতি এখনও ধীর।
