সিলেট শহরে শুক্রবার সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মির্জাজাঙ্গাল এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট দেখা গেছে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ।
ভিডিওতে দেখা গেছে, মিছিলে ১৫–২০ জন নেতা–কর্মী অংশ নেন। তারা ‘জয় বাংলা’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। এছাড়া সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে লেখা ছিল ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’।
দেলওয়ার হোসেন ও টেলেন্ট কান্তি দাশ ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে মিছিলের ভিডিও পোস্ট করেছেন। দেলওয়ার লিখেছেন, “অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।”
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও নজরে এসেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
