লালমনিরহাটের সামাজিক সংগঠন জেন–জি লালমনিরহাট বৃহস্পতিবার সকালে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ফ্ল্যাশমব আয়োজন করে। মহেন্দ্র নগর বটতলা বাসস্ট্যান্ড, মোস্তফিরহাট এবং ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বড়বাড়ি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
ফ্ল্যাশমব উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব (দুলু)। অনুষ্ঠানে নৃত্য, নাট্যাভিনয় ও শারীরিক কসরতের মাধ্যমে তিস্তা নদী ভাঙন এবং নদীপারের মানুষের জীবনযাত্রার করুণ চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে নদীপারের সংস্কৃতি ও জীবনশৈলীও ফুটে ওঠে। অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান।
ফ্ল্যাশমবে উপস্থিত ছিলেন জেন–জির আহ্বায়ক শহিদ ইসলাম (সুজন), জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (শাকিল), সদস্যসচিব আয়শা সিদ্দিকা (কথা), জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাহ্ হিয়াতুল হাবীব (মৃদুল), যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ (রোকন) এবং স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরা।
‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি ও সাধারণ সম্পাদক সফিয়ার রহমান ফ্ল্যাশমবে একাত্মতা ঘোষণা করেন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এবং অদম্য যুব সংগঠনও অংশগ্রহণ করে।
আসাদুল হাবিব বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন রাজনৈতিক নয়, এটি সামাজিক আন্দোলন। দলমতনির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যতেও করবেন। তরুণদের সামাজিক সংগঠন লালমনিরহাট জেন–জি এ ফ্ল্যাশমব আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।”
