
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কিছু শিক্ষিত নেতা যুক্তরাষ্ট্র থেকে এসে গণভোট ও সনদের মতো বিষয়গুলো আমাদের ওপর চাপাচ্ছেন। তবে নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত। তিনি এ মন্তব্য করেছেন রোববার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে।
মির্জা ফখরুল বলেন, “কয়েকটি দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা বলছি, নির্বাচনের দিনেই গণভোট হবে। যেসব সংস্কারে আমরা রাজি হবো, তা বাস্তবায়ন হবে। রাজি না হওয়া বিষয়গুলো পার্লামেন্টে তর্ক-বিতর্কের মাধ্যমে পাস হবে।”
তিনি আরও বলেন, “দেশে যত সংকট, তা তৈরি হয়েছে এবং নাটক রচিত হয়েছে। সাধারণ মানুষ সব দেখছেন, তারা ভোট দিতে চাচ্ছেন। গত ১৫ বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছি, ২০১৮ সালে নির্বাচন করেছি কিন্তু ভোটের আগের রাতে ভোট চলে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।”
বিএনপি মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে গেছেন। এতে বোঝা যায়, জনগণ ও দলের প্রতি তার কোনো দরদ নেই। আমরা আমাদের মাটিতেই জন্মেছি, মারা গেলে এখানেই মারা যাব, দেশের মাটি কখনো ছাড়ব না।”
মির্জা ফখরুল বর্তমান সরকারের সমালোচনায় বলেন, “মানুষের কষ্ট তারা বোঝে না। কৃষক তাদের শ্রমের বিনিময়ে ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের স্বার্থ রক্ষায় আমরা পাশে থাকব।”
তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বলেন, “আমার শারীরিক অবস্থা ভালো নয়, তাই আসন্ন নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে আপনাদের সাহায্য ও সমর্থন চাই, ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন।”
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।