
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ, ভারতেরও নেই কোনো সম্ভাবনা। তবু দুই দেশের ফুটবলপ্রেমীদের কাছে বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই মর্যাদার লড়াই। তাই ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ফুটবলভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক উন্মাদনা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল টিকিটের দাম প্রকাশ করে জানায়, আজ সোমবার দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–এ। ছয়টি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছিল।
কিন্তু বিক্রি শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ!
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, “ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। বর্তমানে পেমেন্ট প্রক্রিয়া চলছে, এরই মধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল রেড বক্স ও হসপিটালিটি বক্সের টিকিট অবশিষ্ট রয়েছে।”
টিকিট বিক্রির এই গতিতে হতাশ ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে Quicket–এর ওয়েবসাইটে “SOLD OUT” লেখা দেখে টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলেছেন।
বাফুফে নির্ধারিত করেছে ছয় ধরণের টিকিট মূল্য—
গ্যালারি: ৫০০ টাকা
ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩: ৩,০০০ টাকা
ভিআইপি বক্স ২: ৪,০০০ টাকা
ক্লাব হাউস ১: ৫,০০০ টাকা
রেড বক্স: ৬,০০০ টাকা
সব টিকিট শেষ হয়ে গেলেও ঢাকায় ফুটবল জ্বরে এখনো উত্তপ্ত পরিবেশ। বাংলাদেশ-ভারত মর্যাদার ম্যাচ দেখতে যারা টিকিট পাননি, তারা এখন আশায় আছেন কোনোভাবে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ মিলবে কি না।