
ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানিয়েছে, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এসব এলাকায় বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ছিল ১৩ নভেম্বর। ওইদিন দলটি ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এরপর ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে। এ রায়কে কেন্দ্র করে অনলাইনে আবারও কর্মসূচির ঘোষণা দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে।