
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে সরকার ২৫ কোটি টাকা খরচ করবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দেশের ৬৪ জেলা এবং ৩০০ উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করে এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি ক্রয় বিধিমালা (পিপিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়াই সরাসরি ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দেওয়া হবে। সময় স্বল্পতার কারণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োগ করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছে।
একই বৈঠকে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ৩ লাখ টন চাল আমদানি নিয়ে দরপত্রের সময়সীমা কমিয়ে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।