
আজ শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে তিনি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান। খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন এবং পরে মূল অনুষ্ঠানস্থলে পাশাপাশি বসেন। এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপির চেয়ারপারসন।
প্রধান অতিথি অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ অভিযান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পায়। ২৫ মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হলেও, এই যৌথ অভিযানই স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। এর পাশাপাশি খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন। সাক্ষাৎকারে খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।