সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি জামাল উদ্দিন (৪৫), কানাইঘাটের সীমান্তবর্তী কান্দালা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জামাল বাড়ি থেকে বের হন। রাতে ভালুকমারা গ্রামে বাংলাদেশ সীমানার ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাওয়া যায়। এর আগে জামালসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
সেই সময় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশি দলটির ওপর গুলি ছোড়েন। এতে জামাল গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
