কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মুছা (২৬)। তিনি বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আজ সোমবার দুপুরে পুলিশ মুছার মরদেহ উদ্ধার করেছে। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মুঠোফোনের ব্যবসা করেন। প্রায় ১০ দিন আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে ময়নালকে ছিনতাই করা হয়; তার ৩ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করেন।
রোববার রাতে মুছা বাড়িতে ফেরলে ময়নাল ও তাঁর ঘনিষ্ঠ তোফাজ্জল হোসেনসহ কয়েকজন মুছাকে ধরে চাঁদসার গ্রামে পিটিয়ে হত্যা করেন। পরে মরদেহ ফেলে তারা আত্মগোপনে চলে যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত মুছাকে ছিনতাইকারী হিসেবে সন্দেহ করা হয়েছিল। মুছার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
