ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি বা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাঁকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হাইকমিশনার সারাহ কুক বলেন, জাল ভিসার মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্ন ও পরিবার ধ্বংস হয়। অপরাধমূলক কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলে।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে বৈধভাবে যেতে চাইলে সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটে ভিসা আবেদন করতে হবে। তবে যারা জালিয়াতির চেষ্টা করবে, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে, যার মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতারক ও অপরাধীদের কার্যকলাপের কারণে প্রতিবছর লাখ লাখ পাউন্ডের ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষরা শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকিতে পড়ে। ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারিত করতে ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে, যার ফলে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণের শিকার হতে পারে।
