এখনো চলছে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’–এর শুটিং। এরই মধ্যে শুরু হয়েছে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রিন্স’–কে ঘিরে আলোচনা। শোনা যাচ্ছে, দুটি সিনেমাই ঈদকে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনায় রয়েছে। তবে শুটিং শেষ হওয়ার আগেই গুঞ্জন উঠেছে—দুটি সিনেমাতেই শাকিব খানের সঙ্গে দেখা যাবে একাধিক নায়িকাকে।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণ, এরপর ইউনিট যাবে দেশের বাইরে। প্রথমদিকে ছবির নায়িকা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও পরে জানা যায়—শাকিবের বিপরীতে থাকছেন বেশ কয়েকজন নায়িকা। এর মধ্যে সবচেয়ে আগে সামনে আসে তানজিন তিশার নাম। দীর্ঘদিন চুপ থাকলেও পরে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক সাকিব ফাহাদ।
সম্প্রতি আরও জানা যায়, সিনেমাটিতে যুক্ত হয়েছেন জান্নাতুল ঐশী এবং আরও এক তরুণ মুখ। সূত্র বলছে, ছবিতে তিন নায়িকার সঙ্গেই দেখা যাবে শাকিব খানকে, যদিও মূল নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা।
অন্যদিকে ডিসেম্বর থেকেই শুরু হওয়ার কথা শাকিব খানের আরেক সিনেমা ‘প্রিন্স’–এর শুটিং। যদিও শিডিউল নিয়ে কিছু জটিলতা আছে, তবুও পরিচালক জানিয়েছেন—প্রস্তুতির কাজ প্রায় শেষ, ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ক্যামেরা ওপেন হবে বলে আশা করছেন।
এদিকে এই সিনেমায়ও নায়িকা হিসেবে তিনজনের নাম শোনা যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে তাসনিয়া ফারিণকে চূড়ান্ত করেছে। তবে গল্পের প্রয়োজনেই শাকিবের সঙ্গে থাকবেন তিন নায়িকা—তাই কাউকেই প্রধান নায়িকা বলা যাচ্ছে না। ছবির একটি সূত্র আরও জানায়, টালিউডের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে ছবির টিম যোগাযোগ করেছে। নভেম্বরের শেষে বাকি নায়িকাদের নাম ঘোষণা করা হবে।
‘প্রিন্স’ সিনেমার গল্প একজন শীর্ষ সন্ত্রাসীর জীবনকে ঘিরে—এই চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। অন্যদিকে ‘সোলজার’ সিনেমাটি দেশপ্রেমের গল্প নিয়ে, যেখানে একজন সরকারি কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি।
দুটি সিনেমাতেই একাধিক নায়িকার উপস্থিতি—এখনই শাকিব ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
