চট্টগ্রামের আলোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরও একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে দলের মনোনীত এ প্রার্থীর ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি আজ বৃহস্পতিবার সকাল থেকেই অনলাইনে ঘুরছে।
ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে...। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।’
স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় জনসংযোগের সময় এ বক্তব্য দেন তিনি। বক্তব্যটি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে হুমকির সুরে তিনি বলেন, ‘চুদুরবুদুর করিও না। লুলা হয়ে যাবে।’ কাদের উদ্দেশে এসব বলা—তা স্পষ্ট নয়।
ভিডিওর অন্য অংশে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবার দেখিনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। আমরা স্বার্থপর নই। আমি দুইবারের এমপি। কোনো দিন এক কড়া জমিও নিইনি।’
এছাড়া তিনি এলাকার ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মমিনুল হক চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই এলাকা মাওলানা চৌধুরীর এলাকা। এখানে কোনো রাজনীতি নেই। এখানো আর কেউ নেই—সাতকানিয়া–লোহাগাড়ার মার্কা একটা, সেটা দাঁড়িপাল্লা।’
এর আগে গত শনিবার নগরের জিইসি কনভেনশন হলে জামায়াত আয়োজিত এক সম্মেলনে প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার-মামলাও করবে আমাদের নির্দেশে।’
এই বক্তব্যের পর গত মঙ্গলবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় জামায়াতে ইসলামী। সাত দিনের মধ্যে জবাব না দিলে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নোটিশে এ নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী মো. আরমান উদ্দীন জানান, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শাহজাহান চৌধুরী বর্তমানে ঢাকায় আছেন। চিঠি ও অন্যান্য বিষয়ে তিনি নিজেই মন্তব্য করবেন।
