ঘরের মাঠে রেকর্ড ব্যবধানে হার, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই—গত এক বছরে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছে। কোচ গৌতম গম্ভীরকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তবে চাপের মুখেও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বোর্ড তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নয়; বরং নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর গম্ভীরকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তিনি টেস্ট দলের জন্য উপযুক্ত কোচ কি না। জবাবে তিনি বলেন, ‘এটা বিসিসিআই ঠিক করবে।’
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘বোর্ড এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। দল পালাবদলের সময়ের মধ্যে আছে। গম্ভীরের চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার ওপর টি–টোয়েন্টি বিশ্বকাপ খুব কাছেই। তাই বড় কোনো সিদ্ধান্ত নয়; নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হবে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে—ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো, অতিরিক্ত টার্নিং উইকেট তৈরি করে নিজেদের ব্যাটসম্যানদের বিপদে ফেলা ইত্যাদি নিয়ে সমালোচনা বাড়ছে। প্রথম ইনিংসে ভারতের ভয়াবহ ব্যাটিং ধস নিয়ে গম্ভীর বলেন, ‘৯৫/১ থেকে ১২০/৭ হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
অন্যদিকে, এনডিটিভি-কে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, বোর্ড এই মুহূর্তে গম্ভীরকে সরানোর কথা ভাবছে না। দক্ষিণ আফ্রিকা সফর শেষে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বৈঠকে বসবে, এবং পালাবদলের সময় টেস্ট দলের পারফরম্যান্স উন্নত করার পথ খুঁজবে।
বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম হলেও সিরিজ শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।
