
চ্যাম্পিয়নস লিগে সাইপ্রাসের ক্লাব পাফোস গতকাল রাতে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে। এই ম্যাচে ১৮ মিনিটে গোল করে রেকর্ড গড়েছেন ব্রাজিলের ৩৮ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড লুইজ। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতা এই খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
এর আগে ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি ২০১৪ সালে রোমার হয়ে ৩৮ বছর ৫৯ দিন বয়সে গোল করেছিলেন। লুইজ ৩৮ বছর ২১৮ দিন বয়সে গোল করে টট্টিকে পেছনে ফেলেছেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড রয়েছে পর্তুগালের সাবেক ডিফেন্ডার পেপের। তিনি ২০২৩ সালে ৪০ বছর ২৯০ দিন বয়সে শাখতার দোনেস্কের বিপক্ষে গোল করেছিলেন।
লুইজের এটি শেষ আট বছরে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল। এর আগে সর্বশেষ তিনি ২০১৭ সালে চেলসির হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন। এছাড়া, অপটা জানাচ্ছে, এই গোল চ্যাম্পিয়নস লিগে আশির দশকে জন্মানো খেলোয়াড়দের মধ্যে প্রথম গোল। গোলটি করেছেন আশির দশকে জন্মানো মোনাকো গোলকিপার লুকাস হ্রাদেকির বিপক্ষে।