ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার দিকে জাতীয় জাদুঘরের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘সেতু চাই, ভোলা–বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোলা–বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’—এমন নানা স্লোগান দেন। দুপুরের পর থেকেই শাহবাগ এলাকায় আন্দোলনকারী ও বিভিন্ন স্থান থেকে আসা ছোট ছোট মিছিল জমায়েত হতে শুরু করে।
ভোলা–বরিশাল সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণ।
আন্দোলনের সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। এরপর নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শাহবাগে আন্দোলনে যোগ দিতে আসা ভোলার গণমাধ্যমকর্মী আদিল হোসেন বলেন, ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ না থাকায় প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সেতু হলে এ বিচ্ছিন্নতা দূর হবে এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে।
