বিপিএল নিলামে ফিক্সিং–সন্দেহে অভিযুক্ত ক্রিকেটারদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি, তবে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন স্থানীয় বিভাগের প্রাথমিক তালিকায় থাকা সাত ক্রিকেটার।
এঁদের মধ্যে আছেন—এনামুল হক, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম। তাঁদের বাদ দেওয়ার কারণ হিসেবে ফিক্সিং–সংশ্লিষ্টতার অভিযোগই মূল কারণ বলে ক্রিকেট মহলে আলোচনা থাকলেও বিসিবি এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে দলীয় কর্মকর্তাদের তালিকা চেয়ে বিসিবি নির্দেশনা দিয়েছে যে ফিক্সিংয়ে সন্দেহভাজন কাউকে দলে না রাখার জন্য কঠোর সতর্কতা মেনে চলতে হবে। এমন কেউ থাকলে তাঁকে বিপিএলের অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হবে না।
গত বছর বিপিএল শেষে তিন সদস্যের স্বাধীন কমিটি গঠন করে বিসিবি। ৯০০ পৃষ্ঠার সেই তদন্ত প্রতিবেদনে খেলোয়াড় ও কর্মকর্তাদের বিষয়ে কড়া সুপারিশ ছিল। পরে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালকে।
আগামীকাল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল নিলাম। ২৪ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান এবং ২৬ ডিসেম্বর সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
