সাময়িক বিরতির পর একেবারে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে পরিবর্তিত রূপে তিনি ভক্তদের নজর কাড়ছেন বেশ। নতুন লুক, নতুন সিনেমা এবং পেশাগত পরিকল্পনা নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ব্যক্তিজীবন নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কে ফেলবে। মিডিয়ায় এমন কিছুই বলব না, যা আমার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
পরিবর্তিত চেহারার রহস্য জানতে চাইলে তিনি জানান, ‘মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্তদের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।’
আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাঁর নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং। রোমান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার এই ছবিতে তাঁর সঙ্গে নায়ক থাকছেন আদর আজাদ। অপু বিশ্বাস জানান, বিরতির পর তিনি নতুন উদ্যমে কাজে ফিরছেন।
সাক্ষাৎকারে এক পর্যায়ে ছেলে আব্রাহাম খান জয় ও তার বাবা শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হলে অপু হাসিমুখে বলেন, ‘বাবা-ছেলের সম্পর্ক কেমন—এটা কি প্রশ্নের বিষয়?’ তিনি আরও জানান, শাকিব খান তাঁকে ব্যক্তিজীবনকে পেশাদার জায়গায় না টানার পরামর্শ দিয়েছেন। নায়িকার ভাষায়, ‘ক্যামেরার সামনে গেলে আমি শুধু একজন অপু বিশ্বাস—আমার পেশাটাকে তুলে ধরতে হবে, ব্যক্তিজীবনকে নয়।’
নতুন লুক, নতুন সিনেমা এবং কর্মজীবনে নতুন পথচলা—সব মিলিয়ে অপু বিশ্বাসের প্রতি এখন দর্শক-ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। তাঁরা অপেক্ষা করছেন, বড় পর্দায় নায়িকার নতুন চমক দেখার জন্য।
