সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দায়িত্ব গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে বেলা দুইটার দিকে এসএসএফের বেশ কয়েকটি গাড়িকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখা যায়।
দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং চিকিৎসা প্রক্রিয়া মেইনটেন করছেন। তিনি আরও বলেন, আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছে তাঁর চিকিৎসায় অংশ নেবেন।
খালেদা জিয়া গত ১০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
