
পৃথিবীর মানচিত্রে এমন অনেক দেশ আছে, যেগুলোর ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে বিস্তৃত। উঁচু পাহাড়, গভীর উপত্যকা ও বরফে মোড়া শৃঙ্গ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না—মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও অর্থনীতিতেও রাখে বিশেষ প্রভাব। সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার ভিত্তিতে বিশ্বের উচ্চতম দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যাটলাস। তালিকায় শীর্ষ ১০টি দেশের বিবরণ নিচে তুলে ধরা হলো।
ভুটান সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক দিয়ে বিশ্বের সর্বোচ্চ দেশ। দেশটির গড় উচ্চতা প্রায় ১০,৭৬০ ফুট। ভুটানের উত্তরাঞ্চলে গ্রেটার হিমালয় রেঞ্জের অসংখ্য উঁচু শৃঙ্গ রয়েছে। এর মধ্যে গাংখার পুনসুম (২৪,৮৪০ ফুট) বিশ্বের সবচেয়ে উঁচু ও এখনো অনারোহণকৃত পর্বতশৃঙ্গ। দেশের দক্ষিণাঞ্চল টিলা ও উপত্যকায় গঠিত, যেখানে অধিকাংশ মানুষের বসবাস।
গড় উচ্চতার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল, যার গড় উচ্চতা ১০,৭১৫ ফুট। ভূপ্রকৃতির দিক থেকে নেপাল অত্যন্ত বৈচিত্র্যময়—দক্ষিণে সমতল, মধ্যভাগে টিলাময় ভূমি এবং উত্তরে পার্বত্য এলাকা। এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট)।
মধ্য এশিয়ার পর্বতময় দেশ তাজিকিস্তানের গড় উচ্চতা ১০,৪৫৫ ফুট। পশ্চিম তাজিকিস্তানে তুর্কেস্তান রেঞ্জের সর্বোচ্চ উচ্চতা ১৮,৭৭৭ ফুট পর্যন্ত পৌঁছায়।
মধ্য এশিয়ার আরেক পর্বতময় দেশ কিরগিজস্তানের গড় উচ্চতা ৯,৮০৫ ফুট। দেশের ৬৫ শতাংশ অংশজুড়ে রয়েছে তিয়ান শান ও পামির পর্বতমালা। এখানে অবস্থিত অঞ্চলের বৃহত্তম হিমবাহ এংগিলচেক গ্লেসিয়ার।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে অ্যান্টার্কটিকা। যদিও এটি কোনো দেশ নয়, এটি বিশ্বের সর্বোচ্চ মহাদেশ। গড় উচ্চতা ৭,৫৪৫ ফুট। দক্ষিণ মেরু অঞ্চলে উচ্চতা প্রায় ৯,৩০০ ফুট। সর্বোচ্চ স্থানের উচ্চতা ১৩,৪৫১ ফুট, আর মহাদেশটির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ১৬,০৫০ ফুট উঁচু।
লেসোথোর গড় উচ্চতা ৭,০৯০ ফুট। দেশের একটি বড় অংশজুড়ে দ্রাকেন্সবার্গ–মালোতি পর্বতমালা বিস্তৃত। পূর্বাঞ্চলে থাবানা–নাতলেনইয়ানা পর্বতের অংশও রয়েছে। নিম্নভূমিতে দুই-তৃতীয়াংশ মানুষের বসবাস এবং সেখানেই কৃষি কার্যক্রম পরিচালিত হয়।
ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর একটি অ্যান্ডোরার গড় উচ্চতা ৬,৬৫০ ফুট। পিরেনিস পর্বতমালা জুড়ে থাকা এই দেশে রয়েছে অসংখ্য সরু উপত্যকা। দেশের সর্বোচ্চ স্থান পিক দে কোমা পেদ্রোসা, যার উচ্চতা ৯,৬৬৫ ফুট।
পর্বতময় দেশ আফগানিস্তানের প্রায় ৭৫ শতাংশ অংশই উঁচু এলাকায় অবস্থিত। পুরো দেশের গড় উচ্চতা ৬,১৮০ ফুট। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বতমালা হিন্দুকুশ, যা উত্তরের ওয়াখান করিডর থেকে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত।
চিলির গড় উচ্চতা ৬,১৪০ ফুট। দেশের পূর্ব দিকে বিস্তৃত আন্দিজ পর্বতমালার গড় উচ্চতা প্রায় ১৫,০০০ ফুট। পশ্চিমে রয়েছে নিম্ন উপকূলীয় পর্বতমালা।
তালিকার দশম স্থানে রয়েছে চীন, যার গড় উচ্চতা ৬,০৩৫ ফুট। চীনের সর্বোচ্চ অঞ্চল তিব্বত মালভূমি, যা ‘পৃথিবীর ছাদ’ নামে পরিচিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও চীন–নেপাল সীমান্তে অবস্থিত।