কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সামছুল হক (৫৯) ছিলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বাসিন্দা ও মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি।
পরিবার জানায়, বাইসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রম সংলগ্ন কুয়েতি মসজিদের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাস জব্দ করেন এবং চালককে পুলিশে সোপর্দ করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন জানান, মরদেহ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জব্দ মাইক্রোবাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
