চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকায় বান্দরবান-কেরানীহাট সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া এলাকার মো. মফিজের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. তওহীদ (২৪)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, তিনজন মোটরসাইকেল আরোহী বান্দরবান থেকে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। বায়তুল ইজ্জত এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তারা সড়কে পড়ে গেলে বান্দরবানগামী পূবালী পরিবহনে চাপা পড়েন। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। আহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন জানিয়েছেন, নিহতদের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
