ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না— সেই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এরপর অন্তর্বর্তী সরকার তাঁকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানালেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন, এবং তাঁর অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।
এ সময় তিনি বাংলাদেশে একটি "বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া"র প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমস্যা যেহেতু নির্বাচন, তাই প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন থাকা সত্ত্বেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও উন্নত হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ফলই আসুক না কেন, দুই দেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব অবস্থানে পৌঁছাবে।
