শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মূল আসামি ফয়সল করিম মাসুদের বাবা-মাকে আদালতে জবানবন্দি দিতে আনা হয়েছে। বর্তমানে তাঁরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের খাসকামরায় রয়েছেন। ফয়সলের বাবা হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, আজ তাঁদের আদালতের হাজতখানায় আনা হয়। তাঁরা দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের বিচারকের খাসকামরায় নেওয়া হয়।
গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালিয়ে ফয়সলের বাবা-মাকে গ্রেপ্তার করে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে হুমায়ুন-হাসি দম্পতির চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। ঘটনার দিন রাতে ফয়সাল তাঁর বোনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন এবং পরে তা ফেলে দেন। এরপর ভাগনে জামিলকে দিয়ে ব্যাগটি ফেরত আনা হয়। ফয়সাল ব্যবহৃত দুটি মুঠোফোনের একটি ছাদ থেকে ফেলে দেন, আর অন্যটি তাঁর মাকে দেন।
পরিস্থিতি নিরাপদ মনে না হওয়ায় ফয়সাল, তাঁর বাবা-মা আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে চাচাত ভাই আরিফের বাসায় যান। ফয়সালকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দিতে তাঁর বাবা হুমায়ুন দেন এবং কিছু টাকা সহায়তা করেন। পরে হুমায়ুন-হাসি দম্পতি ছোট ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় যান এবং জুরাইন থেকে দুটি সিম ব্যবহার করেন।
