বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধুমাত্র বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিটে সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম আসনের প্রার্থী মোশারফ হোসেন। তিনি জানান, বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেছেন।
মোশারফ হোসেন বলেন, “প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী এসেছি। বিগত দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি এবং আগামীকালকের কর্মসূচিও সফল করেই শেষ করবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে একটি সুবিশাল মঞ্চ। রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে একদিন আগেই নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন।
