ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা–কর্মীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত অবরোধ চলছিল। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও অংশ নেন।
ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর আততায়ীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
হত্যার ঘটনার পর থেকেই খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এরই অংশ হিসেবে আজ শাহবাগ মোড় অবরোধ করা হয়।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, “এই অবরোধ চলছে, চলবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা যাব না।”
তিনি আরও বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল, তা চলমান থাকবে। “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম, ওসমান হাদিকে সামনে রেখেই সেই লড়াই আমরা চালিয়ে যাব,”—যোগ করেন তিনি।