
দেশের সব স্থলবন্দরে সেবা মাশুলের হার ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল ও মাশুল আগের চেয়ে এই হারে বেড়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ১ জানুয়ারি থেকে নতুন এই মাশুল কার্যকর হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে।
বেনাপোল স্থলবন্দরে মাশুল অন্যান্য বন্দরের তুলনায় কিছুটা বেশি। এখানে ২৭ ধরনের সেবার জন্য নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালে যাত্রীদের জন্য মাশুল দাঁড়িয়েছে ৫২ টাকা ২৭ পয়সা। বাস, ট্রাক ও লরির জন্য নতুন মাশুল ১৮৪ টাকা ৭০ পয়সা। মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য ১১০ টাকা ৮২ পয়সা, মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য ৩৬ টাকা ৯৫ পয়সা।
বেনাপোল বন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাশুল ট্রাক ও লরিতে ৮৮ টাকা ৬৫ পয়সা, কাগজপত্র প্রক্রিয়াকরণ ১৯৫ টাকা ০৭ পয়সা এবং যানবাহন ইয়ার্ডে সারা রাত থাকলে ১১১ টাকা ৪৯ পয়সা। এছাড়া গুদামে পণ্য রাখার মাশুলও পণ্যের ধরন ও রাখার সময় অনুযায়ী বেড়েছে।
বেনাপোল ছাড়া অন্যান্য স্থলবন্দরেও মাশুল ৫ শতাংশ বেড়েছে। এখানে বাস, ট্রাক ও লরির নতুন মাশুল ১৫৯ টাকা ২২ পয়সা, মোটর কার ও জিপের ৯৫ টাকা ৫২ পয়সা এবং মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি–হুইলারের জন্য ৪৭ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও মাশুল বৃদ্ধি করা হয়েছে। স্থলবন্দরের আয়ের প্রধান উৎসই এই মাশুল।