বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। ঢাকায় অবতরণের পর বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংক্ষিপ্ত সফর শেষে আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের।
আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
উল্লেখ্য, খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
