
গাজীপুর নগরের পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির মালিক সোবহান মিয়ার হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতেই কক্সবাজার থেকে বাড়ি ফিরেছিলেন সোবহান মিয়া। পরিবারের অন্য সদস্যরা তখন বাড়িতে ছিলেন না। খাবার খাওয়ার সময় কলাপসিবল গেট ও ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে ডাকাত দল প্রবেশ করে তাঁকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে। বাড়ির বাইরে তালা দিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
প্রতিবেশী সরোয়ার হোসেন জানান, চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে ঘটনাস্থল দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল ততক্ষণে পালিয়ে যায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।