
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে এবারের গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপ সাজানো হয়েছে বিশেষ থিম ‘পঞ্চভূত’-এ। বৈদিক দর্শনের পাঁচ তত্ত্ব—ক্ষিতি (পৃথিবী), অপ (জল), তেজ (আগুন), মরুত (বায়ু) আর ব্যোম (আকাশ)—এখানে রূপ নিয়েছে দৃশ্যমান শিল্পে।
শিল্পী পার্থপ্রতীম সাহার নকশায় তৈরি এ মণ্ডপে দর্শকরা পাচ্ছেন এক দার্শনিক অভিজ্ঞতা। বাঁশ, খড়, পাট, মাটি ও কাপড়ের মতো দেশি বায়োডিগ্রেডেবল উপাদানে সাজানো এই মণ্ডপ তৈরি করেছে দেশের সাত জেলার কারুশিল্পীরা। পূজা শেষে অধিকাংশ উপকরণ পরিবেশের সঙ্গে মিশে যাবে।
প্রকৃতির উপাদান, লোকশিল্পের অলংকরণ, আলোছায়া ও ধূপের আবহ মিলে তৈরি হয়েছে দেবীর সর্বমঙ্গলা রূপের প্রতীকী পরিবেশ। আয়োজকরা জানান, পূজা শুধু ভক্তির বিষয় নয়, এটি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও সংস্কৃতির পুনর্জাগরণের অঙ্গীকারও।