গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দার মো. মোতালিব (৩৫) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের চার বছরের ছেলে তানিম।
এ ঘটনায় আহত হয়েছেন শিশু তানিমের বাবা হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ইটের খোঁয়া–বোঝাই ডাম্পট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান এবং পরে শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
